দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এমন বর্ষণমুখর পরিবেশে গরম গরম ভুনা খিচুড়ি না হলে কি চলে? পোলাওয়ের চাল, গরুর মাংস, মুগ এবং মসুর ডাল দিয়ে সহজেই রান্না করে ফেলতে পারেন মজাদার ভুনা খিচুড়ি।ভুনা খিচুড়ি এমনিতেই অনেক মুখরোচক একটি খাবার, তবে বৃষ্টির দিনে এর চেয়ে মজার খাবার আর কিছু নেই। আর সঙ্গে যদি থাকে গরুর মাংস; আহ্! তাহলে তো খিচুড়ির স্বাদ হয়ে যাবে আরো অতুলনীয়।
গরুর মাংসের ভুনা খিচুড়ি , রইলো রেসিপি
গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপি:
চলুন এবার জেনে নিই বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরির রেসিপি।উপকরণ:
- গরুর মাংস ১/২ কেজি
- পোলাওর চাল ২ কাপ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- মুগ ডাল ১/২ কাপ
- মসুর ডাল ১/২ কাপ
- পেয়াজ বাটা ১ টেবিল চামচ
- ধনে বাটা ১ চা চামচ
- এলাচ ২ টি
- পানি ৬ কাপ
- দারুচিনি ২-৩ টি
- লং ২-৩ টি
- লবণ পরিমাণমতো
প্রণালী:
১. চাল ও ডাল ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। ২. মাংসে তেল ছাড়া বাকি সব মসলা ভালোভাবে মাখিয়ে নিন।
৩. একটি হাঁড়িতে তেল গরম করে মশলা মাখানো মাংস দিয়ে ভালো করে কষান।
৪. মাংস কষানো হলে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ করুন।
৫. মাংস সিদ্ধ হলে মশলা থেকে মাংস আলাদা করে অন্য পাত্রে তুলে রাখুন।
৬. একই মশলায় পানি ঝরানো চাল ও ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
৭. এরপর ৬ কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন।
৮. পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ ও আগে তুলে রাখা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দমে রাখুন।
৯. রান্না হয়ে গেলে সালাদ ও আচারসহ পরিবেশন করুন।
